বুয়েট ছাত্র আবরারের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হলো

ভেঙে ফেলা হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ স্মরণে নির্মিত ‘আট স্তম্ভ’। মঙ্গলবার মধ্যরাতে নির্মাণের পর গতকাল বুধবার সকালে আবরার ফাহাদ হত্যার এক বছর উপলক্ষে বুয়েটসংলগ্ন পলাশী চত্বরে নির্মিত স্তম্ভটির উদ্বোধন করেন আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক দাবিদার ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। এর কয়েক ঘণ্টা পর কে বা কারা স্তম্ভটি ভেঙে ফেলে। পলাশী চত্বর ২৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন। এই ওয়ার্ডের কাউন্সিলর জাসিবুর রহমান সাংবাদিকদের জানান, কারা কখন নির্মাণ করেছে বা কারা ভেঙেছে কোনো তথ্যই নেই তার কাছে। তার ভাষ্য, কারও নামে কোনো স্তম্ভ তৈরি করতে হলে সিটি করপোরেশনের অনুমতি লাগে। এক্ষেত্রে সেটা নেওয়া হয়েছে কি না তাও জানা নেই।

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, কোনো দেশপ্রেমিক আবরার ফাহাদের স্মৃতি ভাঙতে পারে না। আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।  স্তম্ভটি যারা ভেঙে দিয়েছে, তাদের পুনরায় নির্মাণের দাবি জানাই। তারা না করলে আবারও ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে আমরা নির্মাণ করব।

সংশ্লিষ্টরা জানান, বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মৃতি সমুন্নত রাখতে আগ্রাসনবিরোধী ‘আট স্তম্ভ’ নির্মাণ করেছে আবরার ফাহাদ স্মৃতি সংসদ নামে একটি সংগঠন। এটির আহ্বায়ক হলেন আখতার হোসেন। তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক। স্তম্ভে কিছু বিতর্কিত বিষয় উল্লেখ করায় অনেকেই নাখোশ ছিলেন। এরই এক পর্যায়ে পুলিশের সহায়তায় তা ভেঙে ফেলা হয়। তবে এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য রমনা ও লালবাগ জোনের একাধিক পুলিশ কর্মকর্তাকে ফোন করলেও তারা রিসিভ করেননি। 

বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত বছরের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।