সারা দেশে উদ্বেগজনক হারে বেড়েছে ধর্ষণ ও নারী নির্যাতন। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর নয় মাসে প্রতিদিন গড়ে তিনটির বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। আর অক্টোবরে এ সংখ্য বাড়ছে পাল্লা দিয়ে। নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবাদে কয়েক দিন ধরে সারা দেশ যখন সোচ্চার, তখন এই সময়টাতে গড়ে ১০-১১টি ধর্ষণের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে ধর্ষকদের বিচার চেয়ে এবং প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য মানববন্ধন ও কর্মসূচি পালন অব্যাহত রয়েছে দেশজুড়ে। রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে ব্যক্তিপর্যায়েও সোচ্চার হয়েছে দেশের মানুষ। বিভিন্ন কর্মসূচি থেকে অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার পাশাপাশি এই অপরাধে বিদ্যমান শাস্তি বাড়ানোরও দাবি উঠেছে।
গতকাল বুধবার দেশ রূপান্তরের বিভিন্ন ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :
আমাদের ঢাকা বিশ^বিদ্যালয় প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেছে ‘সেভ আওয়ার উইমেন’ নামের শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। একই স্থানে দুপুর পৌনে ১২টা থেকে বিক্ষোভ করেছে বাম সংগঠনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা।
ফেইসবুকভিত্তিক প্ল্যাটফর্ম ‘সেভ আওয়ার উইমেন’-এর সদস্য বর্তমানে প্রায় ১ লাখ ৮৩ হাজার। প্ল্যাটফর্মটি নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সচেতনতায় কাজ করছে।
জাদুঘরের সামনে একই স্থানে দুপুর পৌনে ১২টা থেকে বিক্ষোভ করেছেন বামধারার ছাত্রসংগঠনগুলোর শিক্ষার্থীরা। তারা গতকাল একই স্থানে ‘ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ’ লেখা ব্যানার নিয়ে গণ-অবস্থান ও কালো পতাকা মিছিল করেছেন।
সোয়া ১২টা থেকে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। দুপুর ১২টায় ঢাকা বিশ^বিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে নোয়াখালীসহ সারা দেশে ধর্ষণ ও যৌন নিপীড়নের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করে টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল থেকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার ও চাষাঢ়ায় সড়ক অবরোধ করে এই অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ সময় অবস্থানকারীদের ব্যানার-ফেস্টুনে ধর্ষণবিরোধী নানা কথা উল্লেখ করা হয়।
খুলনা ব্যুরো জানিয়েছে, ধর্ষকদের বিরুদ্ধে গণস্বাক্ষর ও শপথ নিয়েছেন খুলনাবাসী। গতকাল বুধবার দুপুরে নগরীর শিববাড়ী মোড়ে দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে এ গণস্বাক্ষর ও শপথ অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন জনউদ্যোগ ও গুণীজন স্মৃতি পরিষদ এই কর্মসূচির আয়োজক। এ সময় বক্তাদের মুখে ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ বাক্য উচ্চারিত হয়।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জানিয়েছেন, যৌন হয়রানি, নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও হয়রানি প্রতিরোধে কুমিল্লায় মানববন্ধন করেছে সম্মিলিত এনজিও সমাজ। মানববন্ধন থেকে আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন পরিবর্তন করে মৃত্যুদ- করার দাবি জানান এনজিও সমাজের নারী নেতারা। বুধবার সকালে কান্দিরপাড় টাউনহল গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নোয়াখালী সংবাদদাতা জানিয়েছেন, বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ করেছেন আইনজীবীরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে ধর্ষণ, নিপীড়নবিরোধী আইনজীবী মঞ্চের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
এছাড়া সাড়ে ১১টার দিকে নোয়াখালী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও সো-টিম নামে একটি সংগঠন নোয়াখালী প্রেস ক্লাবের সামনে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে।
রাজশাহী ব্যুরো জানিয়েছে, দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে রাজশাহীতে প্রতিবাদী গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। গণস্বাক্ষর কর্মসূচি রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে।
জাতীয় আদিবাসী পরিষদ, রক্তবন্ধন, ইয়াস, সূর্যকিরণ বাংলাদেশ, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে।
সারা দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, সারা দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ খুনের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। বুধবার বেলা ১১টায় পাবলিক লাইব্রেরি মাঠে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা এবং ফেয়ারের যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানার ও ফেস্টুন নিয়ে সংহতি জানিয়ে অংশ নেন তারা।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, দেশব্যাপী ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ সময় ব্যানার-ফেস্টুন নিয়ে জেলার সাংস্কৃতিক কর্মীরা মানববন্ধনে অংশ নেন।
দেশব্যাপী সংঘটিত যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে গোপালগঞ্জেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার পিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন ও শিক্ষার্থীদের ব্যানারে আলাদাভাবে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ৭ দফা দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে পিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন।
দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, সেখানে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস, বহ্নিশিখা দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ধর্ষকদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রিন ভয়েস হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ও দিনাজপুর সরকারি কলেজ শাখার সদস্যরা অংশগ্রহণ করেন।
সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদের চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জের অনলাইন অ্যাকটিভিস্টরা। চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন, স্পর্শ, বেটার চাঁপাইনবাবগঞ্জসহ বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম ও ফেইসবুক গ্রুপের সদস্য আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় সুধীজনরাও অংশ নেন।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, দেশব্যাপী ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গত মঙ্গলবার রাতে শহরের ছাত্র ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদী মশাল মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
বগুড়া প্রতিনিধি জানান, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- নিশ্চিত ও মেয়েদের সুরক্ষিত রাখার কৌশল শিক্ষা বাধ্যতামূলক করাসহ ১৩ দফা দাবিতে প্রতিবাদী সমাবেশ করেছে বগুড়ার শিক্ষার্থী-জনতা। বুধবার বেলা ১১টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ওই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ১৩ দফা দাবি তুলে ধরা হয়।
দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ ও সব ধরনের সহিংসতার বিরুদ্ধে উত্তাল ব্রাহ্মণবাড়িয়াও। ব্রাহ্মণবাড়িয়া সচেতন ছাত্র সমাজের ব্যানারে দুই ঘণ্টা শহরের প্রধান সড়কে মানববন্ধন, বিক্ষোভ, সেøাগানে যুক্ত হয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী। বন্ধ হয়ে পড়ে সব ধরনের যান চলাচল। স্মরণকালের দীর্ঘ এই মানববন্ধনে ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংহতি প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সাংসদ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় তিনি দেশের প্রচলিত আইনে ধর্ষক-নির্যাতনকারীদের কঠোর বিচারের দাবিতে সোচ্চার থাকবেন বলেও ঘোষণা দেন।
নড়াইল প্রতিনিধি জানিয়েছেন, সারা দেশে ধর্ষণসহ সব ধরনের নারী নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় নড়াইল-মাগুরা সড়কের নড়াইল পৌর এলাকার দুর্গাপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী প্রতিনিধি জানান, সিলেটের এমসি কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জসহ সারা দেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের নিন্দা, প্রতিবাদ জানিয়ে পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ-মানববন্ধন করেছে শিক্ষার্থী-জনতা।
গতকাল বুধবার সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে দুমকি-বাউফল সড়কে দেড় শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনতা ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন পালন করে। বেসরকারি সামাজিক সংগঠন ‘বিডি ক্লিনার্স’ পবিপ্রবি, সরকারি জনতা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।
ছাত্রলীগও দেশের ভিন্নি স্থানে গত মঙ্গলবার রাতে মোমবাতি জ¦ালিয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানায়।