ফেইসবুক, হোয়াটসঅ্যাপসহ যেকোনো ধরনের সাইবার ক্রাইম প্রতিরোধে সাহায্য করতে দেশে সাইবার সিকিউরিটি হেল্প ডেস্ক প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ‘ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা’ শীর্ষক ওয়েবিনারে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের ইন্টারনেট ও ফেইসবুকের পাসওয়ার্ড আদান-প্রদান ও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু শেয়ার করার বিষয়ে ‘অত্যন্ত সতর্ক’ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তা না হলে চরম অসুবিধার মধ্যে পড়তে হবে। ’
সবাইকে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, পরিচয় যাচাই না করে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা যাবে না।
দেশে সাইবার ক্রাইমের ভুক্তভোগী হওয়াদের প্রায় ৭০ শতাংশ কিশোরী উল্লেখ করে পলক বলেন, ‘সাইবার অপরাধের শিকার হলে মানসিকভাবে ভেঙে না পড়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করে পুলিশের সহায়তা নেয়া যেতে পারে।’
পলক বলেন, ‘বিভিন্ন এলাকায় নারী নির্যাতনের ঘটনা ঘটছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে অপরাধীদের প্রতিরোধ ও ব্যক্তি সচেতনা বাড়াতে হবে। পাশাপাশি পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে হবে।’
‘এ বিষয়ে আমাদের সন্তানদের মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষক, অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে। বিশেষ করে সন্তানেরা ডিজিটাল প্লাটফর্মে কখন, কার সঙ্গে যুক্ত হচ্ছে সে বিষয়ে খোঁজ রাখতে হবে,’ বলেন তিনি।
প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, সাইবার স্পেসকে নিরাপদ রাখতে মূলত ৪টি পূর্ব শর্ত নিশ্চিত করতে হবে। প্রথমত, ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা তৈরি। দ্বিতীয়ত, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রদান। তৃতীয়ত, প্রযুক্তিগত সক্ষমতা এবং চতুর্থত, আইনের কঠোর প্রয়োগ।