আইপিএলে নিজেদের প্রথম ৫ ম্যাচে মাত্র এক জয় কিংস ইলেভেন পাঞ্জাবের। বৃহস্পতিবার দলটি মাঠে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। অবাক ব্যাপার, আগের পাঁচ ম্যাচের মতো এদিনও ক্রিস গেইলকে ছাড়াই খেলতে নেমেছে দলটি।
টি-টোয়েন্টি ক্রিকেটে গেইলের মতো এমন মহাতারকা স্কোয়াডের সঙ্গে রয়েছেন, অথচ তাকে মাঠে নামানো হচ্ছে না। বিষয়টা মেনে নেওয়া ক্রিকেটপ্রেমীদের পক্ষে মুশকিলই। স্বাভাবিকভাবেই পাঞ্জাবের প্রতি ম্যাচের আগে সবার আগ্রহ গেইল আজ খেলছেন কিনা।
পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল আগেই জানিয়েছেন, যথা সময়ে গেইলকে মাঠে নামাবেন তারা। সেরা অস্ত্রকে মোক্ষম সময়ে ব্যবহার করবেন, ব্যাপারটা তখন এমনই মনে হয়েছিল।
তবে টানা ৬ ম্যাচ গেইলকে বাইরে থাকতে দেখাটা মেনে নিতে পারছেন না অনেকেই। পাঞ্জাব কোচ অনিল কুম্বলেকে তাই এ ব্যাপারে ব্যাখ্যা দিতে হলো।
ম্যাচ চলাকালেই দেওয়া সাক্ষাৎকারে কুম্বলে জানিয়েছেন, আসলে এই ম্যাচেই মাঠে নামার কথা ছিল গেইলের। তবে তিনি অসুস্থ হওয়ায় শেষমেশ পরিকল্পনা বদলাতে হয় দলকে। গেইল পেটের পীড়ার কারণে এ ম্যাচে নেই বলে জানান তিনি।