করোনার পর ‘জুরাসিক ওয়ার্ল্ড’

করোনার ধাক্কা খানিকটা সামলে নিলেও এখনই শ্যুটিং সেটে ফিরতে পারছে না ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিরিজের নতুন কিস্তি। ‘জুরাসিক ওয়ার্ল্ড : ডমিনিয়ন’ নামের ছবিটি পরিচালনা করছেন কলিন ট্র্যাভোরো। ছবির শ্যুটিং চলতি বছরের প্রথম দিকে শুরু হয়। করোনার কারণে মার্চে তা বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ বিরতি দিয়ে সম্প্রতি আবারও শ্যুটিং সেটে ফেরে ছবিটি। সেখানে কাজ করতে গিয়ে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে পড়ায় আবারও শ্যুটিং স্থগিত করা হয়েছে। তবে জুরাসিক ওয়ার্ল্ড ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছেন নির্মাতা ট্র্যাভোরো। তিনি এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘জুরাসিক ওয়ার্ল্ড টিমের বেশ কয়েকজনের করোনার ফলাফল নেগেটিভ এসেছে। তাই আমরা আবারও জেগে উঠেছি “জুরাসিক ওয়ার্ল্ড : ডমিনিয়ন” নিয়ে।’ নির্মাতা আরও বলেন, ‘তবে সামাজিক দূরত্ব মেনে চলা এবং সরকারি নীতিমালার কারণে আগামী দুই সপ্তাহ সবাই ঘরেই থাকব আমরা। আপাতত তাই কাজ বন্ধ। আশা করি শিগগিরিই সবার সঙ্গে দেখা হবে।’ ‘জুরাসিক ওয়ার্ল্ড : ডমিনিয়ন’ সিনেমাটি প্রথমে ২০২১ সালে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে করোনার কারণে সেই তারিখ পিছিয়ে ২০২২ সালের জুন মাসে নেওয়া হয়েছে।