দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে বিএনপির সমাবেশ

সিলেট ও নোয়াখালীসহ সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া ও চুয়াডাঙ্গায় কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন ওই দুই জেলার বিএনপি নেতারা। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। বিস্তারিত ভ্রাম্যমাণ প্রতিনিধি, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ব্রাহ্মণবাড়িয়া : সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ ভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক সাংবাদিকদের বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা করার জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে পুলিশ এসে মারমুখী হয়ে আমাদের ওপর আক্রমণ করে। তবুও আমাদের নেতাকর্মীরা উত্তেজিত হয়নি। এ ঘটনায় আমিসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছি।’ তবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আবদুর রহিম বলেন, ‘এখানে ধস্তাধস্তির কোনো ঘটনাই ঘটেনি। তাই আহত হওয়ার প্রশ্নই আসে না। অনুমতি না নেওয়ায় আমরা তাদের বের হতে দিইনি।’

নোয়াখালী : সকালে জেলা বিএনপির উদ্যোগে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান। সভা পরিচালনা করেন ভিপি জসিম ও শাহ জাফর উল্যা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, ‘এখলাসপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা গোটা বিশ্বে নোয়াখালীসহ দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।’ এ ঘটনায় জড়িতদের আড়াল না করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, বিএনপি নেতা সলিম উল্যা বাহার হিরণ, শহীদুল ইসলাম কিরণ, নিয়াকত আলী খান, আবু নাসের, ওমর ফারুক, কামাক্ষা চন্দ্র দাস প্রমুখ।

কুড়িগ্রাম : দুপুরে কুড়িগ্রাম সুজপাড়া মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সহসাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোল্লা দুলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তারসহ নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

গাজীপুর : সকালে জেলা কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ, হুমায়ূন কবির খান, প্রয়াত হান্নান শাহর ছেলে শাহ রেজাউল হান্নান প্রমুখ। পরে কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে মানববন্ধন করা হয়।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : গতকাল বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ডাচ্-বাংলা পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিদ্ধিরগঞ্জে থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল হাই রাজু প্রমুখ।

জয়পুরহাট : সকাল ১০টার দিকে জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন পালনের কথা থাকলেও পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে জেলা কার্যালয়ে প্রতিবাদ সভা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ।

নীলফামারী : বেলা ১১টার দিকে শহরের পৌর সুপার মার্কেটে জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বড় বাজার ট্রাফিক মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুজ্জামান দোলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী প্রমুখ।

পটুয়াখালী : সকাল ১০টায় জেলা বিএনপির উদ্যোগে কোর্ট চত্বর প্রাঙ্গণে মানববন্ধন হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

ফরিদপুর : জেলা যুবদলের উদ্যোগে সকাল ১০টায় শহরের কোর্ট প্রাঙ্গণে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন মিঠু প্রমুখ।

চুয়াডাঙ্গা : সকাল থেকে জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রেস ক্লাবের সামনে সমবেত হতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ বাধা দেয়। এ সময় কয়েক দফা ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন শরীফুজ্জামান শরীফ, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক আবু, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক জাহিদ মো. রাজিব খান প্রমুখ।

(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, জয়পুরহাট, নীলফামারী, পটুয়াখালী, ফরিদপুর, চুয়াডাঙ্গা ও সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, কুড়িগ্রাম এবং নোয়াখালী সংবাদদাতা)