নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর নোমানে এবার ধর্ষণের শিকার হয়েছে ছয় বছরের শিশু। গত বুধবার গভীর রাতে ঘুমন্ত মায়ের পাশ থেকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। শিশুর মায়ের করা মামলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিনকে (২০) গ্রেপ্তার করে চর জব্বার থানার পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য নুর আলম জানান, ভুক্তভোগী শিশুর বাবার খামারে কাজ করত হেলাল। এলাকার গণ্যমান্য লোকদের কাছে শিশুকে ধর্ষণের কথা সে স্বীকার করেছে। চর জব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে শিশুর মা মামলা করেন। পরে হেলালকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে নোয়াখালীর কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান জানান, কবিরহাটে এক নারীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে আরমান হোসেন লালু (২১) নামে এক যুবককে গতকাল বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে অভিযুক্ত যুবককে উপজেলার নবগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। লালু উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের মনির হোসেনের ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই নারী তার বাড়িতে একা বসবাস করতেন। কয়েক মাস আগে আরমান তার তিন সহযোগীকে নিয়ে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করলে তিনি অন্তঃসত্ত্বা হন।
এছাড়াও গাজীপুরে কাশিমপুর এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৩) দল বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। মানিকগঞ্জ ও ময়মনসিংহে শিশুকে এবং কুমিল্লায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের খবর পাওয়া গেছে। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
গাজীপুর : কাশিমপুর থানার এসআই দীপঙ্কর জানান, তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গতকাল পুলিশ অভিযুক্ত দুই যুবককে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে। তারা হলো নওগাঁ সদর থানার রজাকপুর এলাকার নজরুল ইসলাম লিটনের ছেলে সম্রাট হোসেন শান্ত (২১) এবং একই থানার ভবানীপুর এলাকায় আলীম হোসেন আলেকের ছেলে শাকিল আহম্মেদ (২৩)। তারা গাজীপুরের কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ি এলাকায় থাকত।
মামলার বরাত দিয়ে কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকে ওই কিশোরী। তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। বুধবার সকালে কিশোরীর মা-বাবা কাজে যান। তখন সে বাসায় একাই ছিল। দুপুরে সে প্রতিবেশী এক শিশুকে খুঁজতে বের হয়। পথে শান্ত পেছন থেকে তাকে ডাকে। সাড়া না দিয়ে দৌড়ে বাসায় ফেরার চেষ্টা করে কিশোরী। এ সময় শান্ত ও শাকিল জোর করে তাকে পাশের একটি টিনশেডের ব্র্যাক স্কুলের ভেতর নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে প্রতিবেশী কয়েকজন নারী তাকে উদ্ধার করেন। সন্ধ্যায় ওই কিশোরীর মা ও বাবা বাড়িতে ফিরে ঘটনা জানতে পারেন। গতকাল সকালে কিশোরীর মা বাদী হয়ে কাশিমপুর থানায় গ্রেপ্তার দুজনকে আসামি করে মামলা করেন। কিশোরীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।
কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদ্রাসাছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে রবিউল আউয়াল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নবম শ্রেণির ছাত্রী। রবিউল কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দারাবাদ গ্রামের খলিলুর রহমানের ছেলে। ভুক্তভোগী ছাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা জন্য পাঠানো হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ব্রাহ্মণপাড়ার বাঙ্গরা গ্রামের নবম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে মোবাইলে পরিচয় হয় রবিউলের। পরিচয়ের সূত্র ধরে গত ১৪ সেপ্টেম্বর সকালে মাধবপুর বাজারে দেখা করতে এলে রবিউলসহ আরও দুই সহযোগী তাকে জোরপূর্বক প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। পরে সিলেটে একটি হোটেলে নিয়ে তাকে রবিউল ধর্ষণ করে। ব্রাহ্মণপাড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুরে এক শিশুকে (৫) ধর্ষণের অভিযোগে শেখ জামির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে মানিকগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ জামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হরিরামপুর থানার ওসি মুঈদ চৌধুরী জানান, গত শনিবার উপজেলার পদ্মার দুর্গম চর নটাখোলা গ্রামে প্রতিবেশী ওই শিশুকে বাড়িতে এনে ধর্ষণ করে জামির। অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার দুপুরে তাকে সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার। ওইদিন বিকেলে শিশুর বাবা থানায় মামলা করেন।
ময়মনসিংহ : তারাকান্দায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গতকাল টাঙ্গাইলের মধুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর ধর্ষণের কথা স্বীকার করেছে। র্যাব জানায়, গত ৪ অক্টোবর তারাকান্দা উপজেলার রামপুর চারিয়া এলাকায় সাড়ে তিন বছরের ওই শিশুকে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে জাহাঙ্গীর।