সভা চলাকালে সিলিংফ্যান খুলে পড়ে ইউএনওসহ আহত ২

নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ হলরুমের সিলিং ফ্যান খুলে পড়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন ও প্রাণিসম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিক উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব ডিম দিবসের আলোচনা সভা চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দু’জনকে বাসায় পাঠিয়ে দেন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, উপরের সিলিংয়ের রড থেকে ফ্যান খুলে পড়ে আমি মাথার সামনে আঘাত পাই। প্রাণিসম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম মাথায় ও গলায় আঘাত পেয়েছেন। বর্তমানে আমরা দু’জনই ডাক্তারের পরামর্শে বাসায় অবস্থান করছি।

তিনি আরও জানান, উপজেলা পরিষদের ভবনটি অনেক পুরাতন। এ ভবনের অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং পুরাতন ইলেকট্রিক যন্ত্রপাতিতে ত্রুটি দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ব ডিম দিবস উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা পরিষদের তৃতীয় তলার হলরুমে আলোচনা সভা চলাকালে হঠাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাথার উপরে থাকা চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।