বিয়ের প্রলোভন দেখিয়ে টানা ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

নোয়াখালীর হাতিয়ায় তালাকপ্রাপ্ত এক নারীকে (২৫) বিয়ের প্রলোভন দেখিয়ে টানা ধর্ষণের অভিযোগে করা মামলায় ইউসুফ ডুবাই (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে ওই নারী হাতিয়া থানায় মামলা করেন। পুলিশ বিকেলে ইউসুফ ডুবাইকে আটক করে। হাতিয়া থানা সূত্র এ খবর নিশ্চিত করেছে।

ভুক্তভোগী নারী জানান, পাঁচ মাস আগে এক রাতে তিনি তার ঘরে ঘুমিয়েছিলেন। ওই রাতে একই গ্রামের আনিস মিয়ার ছেলে ইউছুফ ডুবাই অস্ত্র হাতে তার ঘরে ঢুকে ভয় দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং কাউকে এ ঘটনা জানালে তাকে হত্যার হুমকি দেয়। পরদিন ধর্ষক তার বাড়িতে এসে তার ভুল স্বীকার করে এবং তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়।

এর পর প্রতিশ্রুতি অনুযায়ী তারা চার মাস ধরে বেশ কয়েকবার ‘সম্পর্ক’ করলে সে গর্ভবতী হয়ে পড়ে। ঘটনা জানার পর ইউছুফ ডুবাই কৌশলে তাকে জেলা সদর মাইজদির এক হাসপাতালে নিয়ে তার গর্ভপাত করায়। ঘটনা জানাজানি হলে বিষয়টি এলাকায় সালিস বৈঠকে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। অভিযুক্ত ইউছুফ ডুবাই তার দোষ স্বীকার করে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে সে তার প্রতিশ্রুতি থেকে সরে আসে।

ধর্ষিতার দিনমজুর বাবা জানান, জায়গাজমি না থাকায় বাড়িতে মেয়েকে একা রেখে তিনি ও তার স্ত্রী পাশের ঘাসিয়ার চরে চাষাবাদ করতে যান। এ সুযোগে ধর্ষক তার মেয়ের ক্ষতি করেছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হাতিয়া থানায় একটি ধর্ষণ মামলা নেয়ার পর ধর্ষককে আটক করেছে পুলিশ।