স্থানীয় সরকার পর্যায়ে ৮৩ প্রতিষ্ঠানে ভোট আজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৪ নম্বর ওয়ার্ডসহ স্থানীয় সরকার পর্যায়ে ৮৩টি প্রতিষ্ঠানে আজ শনিবার ভোট হবে। সকাল ৯টা থেকে একটানা বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছেÑ সাতটি পৌরসভা, ৭৩টি ইউনিয়ন পরিষদ, দুটি উপজেলা ও একটি ওয়ার্ড। এর মধ্যে চাঁদপুর পৌরসভা ও দুটি ইউনিয়ন পরিষদে সাধারণ এবং বাকিগুলোতে উপনির্বাচন হবে।

গতকাল শুক্রবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে। ইসির সিনিয়র সচিব মো. আলমগীর জানান, ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ হয়েছে। সুষ্ঠু নির্বাচন পরিচালনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন তারা।

ইসি জানায়, ফরিদপুরের চরভদ্রাসন ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে। চাঁদপুর পৌরসভায় সাধারণ নির্বাচন হলেও জয়পুরহাটের কালাই পৌরসভায় হবে উপনির্বাচন। অন্যদিকে সুনামগঞ্জ, ঝিনাইদহ, মাদারীপুর, হবিগঞ্জ ও যশোর পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন হবে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ও নাটুদহ ইউনিয়নে সাধারণ নির্বাচন হবে। আটটিতে চেয়ারম্যানসহ ৭১টি ইউনিয়নে বিভিন্ন পদে উপনির্বাচন হবে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন হবে।

স্থানীয় সরকার পর্যায়ে বেশকিছু প্রতিষ্ঠানে গত ২৯ মার্চ ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল। করোনা প্রাদুর্ভাব দেখা দিলে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এখন চাঁদপুর পৌরসভাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। নির্বাচন ঘিরে সংশ্লিষ্ট এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর পৌরসভা নির্বাচন ঘিরে গতকাল দুপুর থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়েছে। এখানে মেয়র পদে আওয়ামী লীগের মো. জিল্লুর রহমান (নৌকা), বিএনপির মো. আক্তার হোসেন মাঝি (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মামুনুর রশিদ বেলাল (হাতপাখা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কাউন্সিলর পদে ৫০ ও মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী হয়েছেন। পৌরসভায় মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৪৮৭ জন।

জয়পুরহাট প্রতিনিধি জানান, জেলার কালাই পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে ইসি। এখানে মেয়র পদে আওয়ামী লীগের তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, বিএনপির আনিছুর রহমান তালুকদার ও স্বতন্ত্র হিসেবে মামুনুর রশিদ রাহুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৫২১ জন।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, জেলার জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ হয়েছে। এখানে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর তিনজনই যুক্তরাজ্য প্রবাসী। তারা হলেন, আওয়ামী লীগের মিজানুর রশিদ ভূঁইয়া, বিএনপির রাজু আহমেদ, আওয়ামী লীগের বিদ্রোহী আবুল হোসেন। এখানে স্থানীয় বাসিন্দা হিসেবে শুধু আবিবুল বারী বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। পৌরসভার মোট ভোটার ২৮ হাজার ৫৫৯ জন।