ছাত্রাবাসে ধর্ষণের প্রতিবাদে হেঁটে সিলেটে ২ বিশ্ববিদ্যালয় ছাত্র

এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দল বেঁধে ধর্ষণ ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই শিক্ষার্থী ঢাকা থেকে পায়ে হেঁটে সিলেটে পৌঁছেছেন।

সাত দিন হেঁটে শনিবার দুপুরে তারা সিলেট পৌঁছান।

এরপর তারা নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে আয়োজিত ধর্ষণবিরোধী আন্দোলনে যোগ দেন।

এ দুই শিক্ষার্থী হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফ সোহেল ও ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইংরেজি সাহিত্যের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজী মেহেদী হাসান জয়।   

সোহেল ও জয় জানান, ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ৪ অক্টোবর তারা ঢাকা থেকে হেঁটে রওয়ানা দেন। পথে নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর ও ওসমানীনগরে তারা প্রতিবাদী আন্দোলনেও যোগ দেন।

তারা ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।