ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা আবারও বিয়ে করেছেন। গতকাল সকালে দীর্ঘদিনের বন্ধু মাহা শিকদারের সঙ্গে ঘর বেঁধেছেন। এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন অভিনেতা শ্যামল মাওলা নিজেই। তিনি জানান, সকালে বিয়ে হয়েছে। রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সেখানে শোবিজেরও কেউ কেউ থাকবেন। শ্যামল আরও বলেন, ‘করোনার মধ্যে বিধিনিষেধ মেনে যতটুকু করা যায় সেভাবেই একটা ঘরোয়া আয়োজন হচ্ছে। হুট করে বিয়ের আয়োজন করায় কাছের অনেককে জানাতে পারিনি। কেউ কষ্ট পাবেন না। সবার কাছে দোয়া চাই আমাদের নতুন জীবনের জন্য।’ শ্যামলের স্ত্রী মাহা শিকদার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করছেন। তিনি শোবিজেও যাত্রা করেছেন এরই মধ্যে। তাকে দেখা গেছে ছোট পর্দায় অভিনয় করতে। প্রসঙ্গত, এটি শ্যামল মাওলার দ্বিতীয় বিয়ে। এর আগে প্রথম স্ত্রী নন্দিতার সঙ্গে তিন বছরের সংসার ছিল তার। সেই সংসারে শ্রেয়ণ নামে তাদের একটি পুত্রসন্তানও রয়েছে।