আপত্তিকর ভিডিও ছড়িয়ে ফের টাকা দাবি, হুমকি

টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায় করেও থামেনি বখাটে মঞ্জুর রহমান। আরও ছয় লাখ টাকা দাবি করে না পেয়ে সে ওইসব ছবি, ভিডিও গৃহবধূর স্বামীসহ তার কয়েকজন নিকটাত্মীয়ের ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেয়। যা থেকে এগুলো ছড়িয়ে পড়ে বিভিন্নজনের কাছে।

এ ব্যাপারে গৃহবধূ আদালতে মামলা করলেও বখাটে মঞ্জুরকে গ্রেপ্তার না করায়  সে ওই গৃহবধূকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। কোনো ব্যবস্থা না নেওয়ায় মঞ্জুর প্রকাশ্যে দাপটের সঙ্গে ঘুরে বেড়ানোর কারণে ওই গৃহবধূ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সাংবাদিকদের জানান।

গৃহবধূ অভিযোগ করে বলেন, গ্রামে ন্যায়বিচার না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। মির্জাপুর থানা পুলিশ তদন্ত প্রতিবেদন দিতে কালক্ষেপণ করায় এবং পত্রিকায় সংবাদ আসার পর থেকেই বখাটে মঞ্জুর রহমান আরও বেপরোয়া হয়ে উঠেছে। সে এখন বিভিন্নভাবে আমাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এ অবস্থায় আমি আমার শিশুসন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। হুমকির বিষয়টি তিনি মির্জাপুর থানায় জানিয়েছেন বলে জানান।

উল্লেখ, হাড়িয়া গ্রামের ইন্নছ আলীর বখাটে ছেলে মঞ্জুর রহমান ওই গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ ও ছবি তুলে সেগুলো দেখিয়ে জিম্মি করে প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে আরও ছয় লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ছবি ও ভিডিওগুলো গৃহবধূর স্বামী ও তাদের কয়েকজন আত্মীয়ের ফেইসবুক ম্যাসেঞ্জারে পাঠায়। এ ব্যাপারে অভিযুক্ত মঞ্জুর রহমানের সঙ্গে কথা বলতে তার মুঠোফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

মির্জাপুর থানার ওসি (তদন্ত) গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালতের চাওয়া তদন্তের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।