সালথায় চেয়ারম্যানের সই জাল করায় দুজন গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের সই জাল করে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার যদুনন্দী ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন, মাওলানা মেজবাহ উদ্দিন ও তার ভাই ফারহাদ শেখ। তারা উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষনদী গ্রামের বাসিন্দা।

সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর জানান, ৭-৮ মাস আগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে ঘর তৈরি করে দেওয়ার কথা বলে বল্লভদী ইউনিয়নের ১৪-১৫ ব্যক্তির কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার করে টাকা হাতিয়ে নেয় মাওলানা মেজবাহ উদ্দীন ও তার ভাই ফারহাদ শেখ। কিন্তু পরে ওই ব্যক্তিদের ঘর তৈরি করে না দিয়ে টালবাহানা শুরু করেন। একপর্যায়ে ভুক্তভোগীদের চাপে তাদের সান্ত¡না দিতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সই জাল করে ঘর বরাদ্দের ভুয়া কাগজপত্র দেখান ওই দুজন। বিষয়টি তিনি জানতে পেরে ইউএনও ও ওসিকে অবগত করেন।