নড়াইলে শিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৬তম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার তার জন্মস্থান নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। তবে এ বছর করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে কর্মসূচি পালন করা হয়।

এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল শিল্পীর কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল, কোরআনখানি ও দোয়া অনুষ্ঠান। সকাল ৯টায় মাছিমদিয়ায় শিল্পীর কবরে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন, জেলা শিল্পকলা একাডেমী, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, এস এম সুলতান শিশু ও চারুকারু ফাউন্ডেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, চিত্রা থিয়েটার, লাল বাউলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শিল্পীর জীবন ও কর্মের ওপর বক্তব্য দেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।