প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের একটি সারা দেশে ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ। এই অর্থনৈতিক অঞ্চলগুলোর অন্যতম মোংলা অর্থনৈতিক অঞ্চল। সিকদার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পাওয়ারপ্যাক ২০৫ একর জমিতে স্থাপিত এই অর্থনৈতিক অঞ্চলটি বেজার কাছ থেকে ৫০ বছরের ডিজাইন, নির্মাণ, আর্থিক সহায়তা, পরিচালনা ও হস্তান্তর সরকারি-বেসরকারি অংশীদারিত্ব চুক্তিতে কাজ করছে। মোংলায় সিকদার গ্রুপের পাওয়ারপ্যাক ইকোনমিক জোনে গত শুক্রবার বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং পাওয়ারপ্যাক হোল্ডিংস ও পাওয়ারপ্যাক ইকোনমিক জোনের চেয়ারম্যান রিক হক সিকদার তাদের কয়েকটি প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি সম্পূর্ণ প্রস্তুত রেস্ট হাউজ উদ্বোধন করেন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পাওয়ারপ্যাক পেট্রোলিয়ামের ১ লাখ টন ক্ষমতাসম্পন্ন ওয়েল ডিপো, স্বাস্থ্যসম্মত এডিবল ওয়েল ডিপো। বিদেশি বিনিয়োগকারীদের জন্য আন্তর্জাতিক মানের রেস্ট হাউজ ও এই প্রকল্পে কর্মরত বিদেশি কর্মীদের ডরমেটরি, কেন্দ্রীয় পানি শোধনাগার, কার্গো জেটি এবং বসুন্ধরা সিমেন্ট ব্যাগ নির্মাণ কারখানা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত সচিব হারুনুর রশীদ, ইরফান রশীদ পাওয়ারপ্যাক ইকোনমিক জোন চেয়ারম্যান রিক হক সিকদারের জ্যেষ্ঠ পুত্র এবং গ্রুপের পরিচালক শন হক সিকদার, উপদেষ্টা ফরিদ উদ্দিন খান, সিকদার গ্রুপের সিওও সৈয়দ কামরুল ইসলাম মোহন, পরিচালক সালাউদ্দিন আহমেদসহ বেজা, সিকদার গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।