ফেব্রুয়ারির মধ্যে আর্থিক প্রতিষ্ঠানের সেবা সহজের নির্দেশ

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন বিভিন্ন সংস্থাকে আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে অন্তত একটি সেবা সহজীকরণ বাস্তবায়ন করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ে সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার আবদুল্যাহ হারুন পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্দেশনা দেওয়া হয়। সভার কার্যপত্রে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বার্ষিক উদ্বোধন কর্মপরিকল্পনা ২০২০-২১ অনুযায়ী চলতি মাসের ১৫ তারিখের মধ্যে ন্যূনতম একটি সেবা পদ্ধতি সহজীকরণের পাইলটিং বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী নতুন একটি সহজীকৃত সেবা ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়নের নির্দেশনা রয়েছে।

আলোচ্য নির্দেশনাগুলো পরিপালনের লক্ষ্যে ই-লাইব্রেরি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, এসএমএসের মাধ্যমে শ্রান্তি বিনোদন ছুটির নোটিফিকেশন প্রেরণসহ  ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। সবশেষে কোনো একটি সেবা সহজীকরণের আগে এ বিভাগের শাখা-অধিশাখাগুলো থেকে মতামত সংগ্রহের বিষয়ে সভায় অভিমত ব্যক্ত করা হয়।