ধর্ষণে উদ্বুদ্ধ করে ফেইসবুকে পোস্ট যুবক আটক

ধর্ষণের বিরুদ্ধে চলমান প্রতিবাদ কর্মসূচির মধ্যেই ফেইসবুকে ধর্ষণে উদ্বুদ্ধ করে উসকানিমূলক পোস্ট দেওয়ায় এক যুবককে আটক করেছে র‌্যাব। গতকাল শনিবার রাজধানীর খিলক্ষেত থেকে শেখ মোহাম্মদ সারাফ নাওয়ার (১৯) নামে ওই যুবককে আটক করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, সারা দেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে সচেতন নাগরিকসহ যুবসমাজ প্রতিবাদ করে যাচ্ছে। এর বিরুদ্ধে কয়েক ব্যক্তি ফেইসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। এর মধ্যে শেখ নাওয়ার নামের এক ব্যক্তি ধর্ষণে উদ্বুদ্ধ করে উসকানিমূলক পোস্ট দেয়। পোস্টগুলো ভাইরাল হয়ে যায়। এর প্রেক্ষিতে শনিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

তিনি জানান, জিজ্ঞাসাবাদে নাওয়ার জানায় যে, ফেইসবুকে ধর্ষণকারীদের উসকে দিতে বিভিন্ন পোস্ট করে দ্রুত সময়ে সেলিব্রেটি হওয়ার আশায় সে এ ধরনের পোস্ট দিত।