মনোনয়ন না পেয়ে ক্ষোভ

ফখরুলের বাসায় ডিম নিক্ষেপ কফিল সমর্থকদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসার সামনে বিক্ষোভ করেছে ঢাকা-১৮ আসনে মনোনয়নপ্রত্যাশী এম কফিল উদ্দিনের সমর্থকরা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষোভের সময় ফখরুলের বাসায় ডিম ছুড়ে মারা হয়।

রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপি মহাসচিবের বাসায় ডিম নিক্ষেপ করার ঘটনায় ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

তবে মনোনয়ন বঞ্চিত এক মনোনয়নপ্রত্যাশী দেশ রূপান্তরকে জানিয়েছেন, গত ১২ সেপ্টেম্বর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের দিন কফিল উদ্দিনের যেসব সমর্থকের ওপর হামলা হয়েছিল তারাই মহাসচিবের বাসায় ডিম ছুড়ে মেরেছেন, জাহাঙ্গীরকে মনোনয়ন দেওয়ার বিরোধিতা করেছেন। হামলার বিচার না পাওয়ায় ক্ষুব্দ হয়ে এ ঘটনা ঘটান।

এদিকে একটি ভিডিওতে দেখা যায়, মির্জা ফখরুলের বাসার সামনে কয়েকশ নেতাকর্মী সমবেত হয়ে বিএনপির মনোনয়ন পাওয়া জাহাঙ্গীরের বিরুদ্ধে সেøাগান দিচ্ছেন। এ সময় কফিল উদ্দিনকে কেন মনোনয়ন দেওয়া হলো না সেই বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তার সমর্থকরা।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ৯ প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্যে যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীরকে মনোনয়ন দিয়েছে দলটি। গত শুক্রবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মির্জা ফখরুল জাহাঙ্গীরের নাম ঘোষণা করেন।

মির্জা ফখরুলের বাসায় ডিম ছুড়ে মারার বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় মহাসচিব খুব মর্মাহত হয়েছেন। নেতাকর্মীদের কিছু বলার থাকলে দলীয় কার্যালয়ে গিয়ে বলতে পারতেন। তিনি একটি ভাড়া বাসায় থাকেন। সেখানে এ ধরনের ঘটনা ঘটানো অনাকাক্সিক্ষত।’

এ ব্যাপারে কফিল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমি জানি না কারা সেখানে বিক্ষোভ করেছেন, কারা ডিম-পাথর ছুড়েছেন। আমি আমার ফ্যাক্টরিতে গিয়েছিলাম। তখন মহাসচিব আমাকে ফোন করেছিলেন। আমি বলেছি, এ বিষয়ে আমার কিছু জানা নেই।’

স্থায়ী কমিটির ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ : গতকাল শনিবার রাতে স্থায়ী কমিটির সভা শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মহাসচিবের উত্তরার বাসভবনে কতিপয় উচ্ছৃঙ্খল বহিরাগত ব্যক্তি ইটপাটকেল নিক্ষেপসহ বাসার ক্ষতিসাধন করে অভিযোগ করে এ ঘটনায় ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় এই ঘটনার পেছনে সরকারি মদদ রয়েছে বলে মনে করা হয়। বর্তমানে সারা দেশে গুম, খুন, নারী ও শিশু নির্যাতনের যে মহামারী চলছে তার বিরুদ্ধে আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই সরকারের এজেন্টরা এ হামলা চালিয়েছে। সভায় এই অনাকাক্সিক্ষত সন্ত্রাসী ঘটনার তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।