সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে নারীকে দল বেঁধে ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে আরেক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে উত্তাল সারা দেশ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ ও অবরোধ। এর মধ্যেও থেমে নেই ধর্ষণের ঘটনা। গত কয়েক দিন ধরেই বিভিন্ন স্থান থেকে একের পর এক ধর্ষণের খবর আসছে। গতকাল শনিবারও শিশু, কিশোরীসহ একাধিক ধর্ষণের খবর পাওয়া গেছে। এর মধ্যে লালমনিরহাটে কিশোরীকে দল বেঁধে, ফেনীতে আপন চাচার বিরুদ্ধে শিশুকে, খুলনায় খালুর বিরুদ্ধে শিশুকে, নরসিংদীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে, মাদারীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া সাতক্ষীরায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে :
লালমনিরহাটে দল বেঁধে কিশোরীকে ধর্ষণ : লালমনিরহাটের কালীগঞ্জে এক কিশোরীকে (১৭) দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার বিকেলে ১০ জনকে আসামি করে একটি মামলা করার পর রাতে রকি মিয়া (১৯) নামে এক অটোচালককে গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতিতার দাবি, বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গত মঙ্গলবার গভীর রাতে তাকে দল বেঁধে ধর্ষণ করে সাতজন। ঘটনার পর মীমাংসার নামে বৈঠক বসিয়ে অভিযুক্তদের কাছ থেকে জরিমানা আদায় করে সেই টাকা হাতিয়ে নিয়েছেন স্থানীয় মাতবররা। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ধর্ষণের শিকার ওই কিশোরী জানায়, পাটগ্রাম থেকে বোনের বাড়ি হাতীবান্ধা বেড়াতে যাওয়ার জন্য গত মঙ্গলবার লালমনিরহাটগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনে রওনা হয় সে। কিন্তু ভুলক্রমে হাতীবান্ধা রেলস্টেশনে না নেমে কাকিনা স্টেশনে নেমে পড়ে সে। এ সময় তাকে হাতীবান্ধা পৌঁছে দেওয়ার আশ্বাস দেয় অটোচালক রকি। এরপর বিভিন্ন স্থান ঘুরিয়ে মধ্যরাতে পরিত্যক্ত একটি শ্যালো মেশিনের ঘরে নিয়ে আরও ছয়জন মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে সে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফরহাদ হোসেন জানান, সাতজন সরাসরি ধর্ষণের ঘটনায় জড়িত। একজনকে গ্রেপ্তার করা গেলেও বাকিরা পলাতক রয়েছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফেনীতে ৪ বছরের শিশুকে ধর্ষণ : ফেনীর ছাগলনাইয়ায় আপন চাচার বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার উত্তর যশপুর গ্রামের উত্তর পাড়ার ওই ঘটনায় গত শুক্রবার বিকেলে ইমন ফারুক বাদশা (২০) নামে অভিযুক্ত চাচাকে গ্রেপ্তার করে পুলিশ। ইমন ওই এলাকার প্রয়াত রবিউল হকের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, গত সোমবার দুপুরে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে ইমন। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে ইমন পালিয়ে যায়। পরে আহত শিশুটিকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে একটি মামলা করেন। আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
খুলনায় শিশু ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার : খুলনা সদরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চুন্নু মিয়া (৩০) নামে আপন খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় তাকে নগরীর শেরেবাংলা রোডের হাজীবাড়ি এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে ধর্ষণবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। অভিযুক্ত চুন্নু মিয়া নগরীর গল্লামারী ব্যাংক কোয়ার্টারের আবদুল বারেক তালুকদারের ছেলে। নির্যাতিত শিশুটির স্বজনদের অভিযোগ, শিশুটির খালা গল্লামারী ব্যাংক কোয়ার্টারের বাসায় না থাকা অবস্থায় গত তিন মাস ধরে শিশুটিকে ধর্ষণ করে আসছে খালু চুন্নু মিয়া। গত দুই-তিন দিন ধরে শিশুটি অসুস্থবোধ করলে তার মায়ের জেরার মুখে ধর্ষণের ঘটনা খুলে বলে সে। খুলনা সদর থানার ওসি মো. আশরাফুল আলম জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
নরসিংদীতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ : নরসিংদীর পলাশে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার কুড়াইতলী ছয়ঘরিয়া গ্রামের ওই ঘটনায় গত শুক্রবার একটি মামলা হলে ওইদিন রাতেই তৌকির সরকার (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত তৌকির উপজেলার গজারিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকার রিপন সরকারের ছেলে।
নির্যাতিতার স্বজনরা জানান, শুক্রবার রাতে ঘটনার সময় বাড়িতে একাই ছিল ওই কিশোরী। ওই সময় বাড়িতে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন তৌকির। এ সময় কিশোরীর চিৎকার শুনে এগিয়ে এসে তৌকিরকে আটক করে পুলিশে সোপর্দ করে আশপাশের লোকজন। পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে একটি মামলা করেন। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মাদারীপুরে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ : মাদারীপুরের কালকিনিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার ভোরে শাহিন মোল্লা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শাহিন উপজেলার বালিগ্রাম এলাকার পশ্চিম বোতলা গ্রামের আয়নাল মোল্লার ছেলে।
মামলার এজাহারে বলা হয়, শাহিন মোল্লার সঙ্গে একই এলাকার ওই কিশোরীর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছে। এর সূত্র ধরে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই কিশোরীর বাড়িতে দেখা করতে আসে শাহিন। এ সময় ওই কিশোরীকে ঘরে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে সে। পরে ওই কিশোরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে শাহিন পালিয়ে যায়। ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব জানান, এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাতক্ষীরায় স্কুলছাত্রীকে যৌন হয়রানি : সাতক্ষীরার আশাশুনিতে স্কুলছাত্রীকে (১০) যৌন নিপীড়নের অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কোদন্ডা গ্রামের ওই ঘটনায় মইনুর রহমান নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত মইনুর একই গ্রামের বাবর আলী গাজীর ছেলে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। ভুক্তভোগী স্কুলছাত্রীও একই বিদ্যালয়ের শিক্ষার্থী। আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন মইনুর। শুক্রবার সকালে কেউ না থাকার সুবাদে বাড়িতে ঢুকে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় স্কুলছাত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে মইনুর পালিয়ে যান। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
গাজীপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার : গাজীপুরের সালনায় কিশোরীকে দল বেঁধে ধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ সবুজকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার রাত আড়াইটার দিকে বাসন থানার তেলিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফ সবুজ শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বরুড়াজানি গ্রামের প্রয়াত খোরশেদ আলমের ছেলে। সে নগরীর বাসন থানার টেকনগপাড়া এলাকায় বাসাভাড়া থেকে গ্যারেজ মিস্ত্রির কাজ করত।
র্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১ অক্টোবর রাতে সালনার স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির কিশোরী ছাত্রীকে বাসায় ফেরার পথে অপহরণ করে আরিফসহ তার বন্ধুরা। পরে স্থানীয় একটি বাসায় সারা রাত আটকে রেখে দল বেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণ করে তারা। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেন। পলাতক আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।