ফেনীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আবদুল্লাহ আল জোহান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের আমতলী সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই বাড়ির প্রবাসী নূর নবীর ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, সকালে বাড়িতে খেলতে খেলতে হঠাৎ পুকুরে পড়ে যায় জোহান। পানিতে হাবুডুবু খাওয়া অবস্থায় পরিবারের লোকজন তাকে পুকুর থেকে তুলে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোহানের মা সেলিমা বেগম জানান, তার দুই সন্তানের মধ্যে জোহান ছোট। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।