নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতনের শিকার সেই নারীর ঘর থেকে জামা-কাপড়, বালিশ, বিছনার চাদরসহ মামলার বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রবিবার সকালে পিবিআই কর্মকর্তারা একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে নির্যাতনের শিকার সেই নারীর বাড়িতে যান। এ সময় তারা ভুক্তভোগীর ঘর থেকে তার ব্যবহৃত জামা-কাপড়, বালিশ, বিছানার চাদর এবং কয়েকটি কার্টনসহ মামলার বিভিন্ন আলামত সংগ্রহ করেন। বাড়ির পাশের খালে এবং পুকুরে আরও কিছু আলামত উদ্ধারের জন্য জাল ফেলে ও ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি করা হয়। পরে স্থানীয় লোকজনকে সাড়্গী করে আলামতগুলোর জব্দ তালিকা প্রস্তুতের পর জেলা পিবিআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ সময় ঘটনায় নির্যাতিত নারীর করা নারী ও শিশু নির্যাতন দমন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশিদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।
গত শুক্রবার রাতে পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ভুক্তভোগীর করা দুটি মামলা পিবিআইতে স্থানান্তর করা হয়।