প্রেস ক্লাবে তথ্যমন্ত্রী

বিএনপির ভেতরে আন্দোলন শুরু হয়ে গেছে

বিএনপিকে নিজেদের দল গোছানোর পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি যখন সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলছে, তখন বিএনপির ভেতরে আন্দোলন শুরু হয়ে গেছে। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে আবদুস সালাম হলে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম (চবিসাফ) আয়োজিত রাজধানীতে চট্টগ্রাম বিভাগের ছয় আলোকিত সাংবাদিক স্মরণে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, যারা নিজেদের দল সামলাতে পারে না, যারা নিজেদের কর্মীদের কাছে অপ্রিয়, তারা দেশের মানুষের কাছে কী করে প্রিয় হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন, সরকারকে আর সময় দেওয়া হবে না। সরকারকে সময় দেওয়ার মালিক হলো জনগণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা কোনো দিন সময় দিতে চাননি। কিন্তু জনগণ পরপর তিনবার শেখ হাসিনাকে সময় দিয়েছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১২ বছর ধরে ক্ষমতায় আছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মনোনয়ন বাণিজ্যের কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ডিম ছুড়েছে নেতাকর্মীরা। গত নির্বাচনের সময় বিএনপি ৩০০ আসনে ৯০০ জনকে নমিনেশন দিয়েছে। এমন ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি, ভবিষ্যতে ঘটবে কি না, সন্দেহ আছে বলে জানান তিনি।

সভায় যে ছয়জন সাংবাদিককে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করা হয় তারা হলেন মরহুম খোন্দকার মোজাম্মেল হক (গেদুচাচা), ডিপি বড়ুয়া, ড. ফেরদৌস আহমেদ কোরেশী, আবদুস শহিদ, আবুল কালাম ও হুমায়ুন কবির খোকন। স্মরণ সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল হক, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।