ক্লিওপেট্রা হবেন গাল গ্যাদোত

সুপার হিরোইন ‘ওয়ান্ডার উইমেন’ এবার হবেন মিসরের রানি। তবে তার সঙ্গে ঠিকই থাকছেন প্যাটি জেনকিন্স। ‘ওয়ান্ডার উইমেন’-এর মতো বিশ^বিখ্যাত সিনেমার দুটি পর্ব পরিচালনা করেছেন তিনি। যে সিনেমার মাধ্যমেই পাদপ্রদীপের আলোয় আসেন গাল গ্যাদোত। ডেডলাইন ডটকম-এ প্রকাশিত খবর অনুসারে, এবার কোনো সুপার হিরো নয়; বরং ইতিহাসের বিখ্যাত চরিত্র থেকে মিসরের রানি ক্লিওপেট্রাকে আধুনিক সিনেমায় উঠিয়ে নিয়ে আসবেন জেনকিন্স। আর সেই রানির চরিত্রে অভিনয় করবেন ইসরাইলি অভিনেত্রী গাল গ্যাদোত। ছবির চিত্রনাট্য লিখছেন ‘শাটার আইল্যান্ড’খ্যাত চিত্রনাট্যকার লাইটা ক্যালোগ্রিডিস। ইন্সটাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে গ্যাদোত লিখেছেন, ‘মিসরের রানি, ক্লিওপেট্রার চরিত্রে অভিনয়ের জন্য জেনকিন্স ও ক্যালোগ্রিডিস আমাকে দলে নিয়েছেন। বড় পর্দায় হয়তো এভাবে আর কখনো এই রানিকে দেখানো হয়নি।’ তিনি আরও লেখেন, ‘নারীর দৃষ্টিতেই ফুটিয়ে তোলা হবে ক্লিওপেট্রার চরিত্র। ‘ইন্টারন্যাশনাল ডে অব দ্য গার্ল’ দিবসে এই ঘোষণা দিতে পেরে আমার নিজেরই আনন্দ হচ্ছে।’

নীলহ্রদের রানিকে নিয়ে ১৯৬৩ সালে নির্মিত হয়েছিল ‘কুইন অব নাইল’ ছবিটি। যাতে ক্লিওপেট্রা চরিত্রে রূপ দিয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেইলর। জোসেফ এল মানকিউজ পরিচালিত ছবিটি চারটি অস্কার জয় করে।