ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন প্রকৌশলী গোলাম মুর্শেদ। কোম্পানির পর্ষদ গত বৃহস্পতিবার তাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক গোলাম মুর্শেদ ২০১০ সালে ওয়ালটনের সহকারী প্রকৌশলী পদে যোগ দেন। মেধা ও কঠোর পরিশ্রমে তিনি রেফ্রিজারেটরের ম্যানুফ্যাকচারিং অপারেশনের দায়িত্ব এবং পরে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পান।
গোলাম মুর্শেদ এক দশক ধরে ওয়ালটনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। উৎপাদন ও বিপণন ব্যবস্থায় আধুনিকায়নের জন্য তিনি প্রশংসিত হন। তিনি বাংলাদেশ রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের সদস্য।
নতুন দায়িত্ব শতভাগ নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমে ওয়ালটনকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করে গোলাম মুর্শেদ বলেন, ওয়ালটন বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড। এ দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় ওয়ালটন আজ বিশ^বাজারেও নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে।