অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ চীন থেকে নতুন ব্র্যান্ডের যন্ত্রপাতি আমদানি করবে। নতুন যন্ত্রপাতি আমদানি ও স্থাপন করতে কোম্পানিটির প্রায় ৪ কোটি ৯২ লাখ ৬৬ হাজার টাকা ব্যয় হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি বিস্কুট এবং কনফেকশনারি কারখানায় পিইটি শিট এবং পিইটি ট্রে তৈরির জন্য যন্ত্রপাতি আমদানি করবে। কারখানাটি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে অবস্থিত।
কোম্পানিটি আরও জানায়, পিইটি কো-এক্সট্রুশন শিট এক্সট্রুশন লাইন এক্সট্রুডার, প্রি-হিটিং সিস্টেম, মাস্টার ব্যাচ, ডজিং ইউনিট, গ্লাস হিটার, এনকোডার মোটর, ইনভার্টার, টাচ স্ক্রিনসহ আমদানি করতে কোম্পানির ব্যয় হবে ৩ কোটি ৬৮ লাখ ১১ হাজার টাকা।
পিইটি শিটে প্রতি ঘণ্টায় উৎপাদন ক্ষমতা ৪৮০ থেকে ৫০০ কেজি।
এছাড়া ছাঁচসহ সম্পূর্ণ অটোমেটিক ৩ স্টেশন থার্মোফর্মিং মেশিন, ইলেক্ট্রিক লিফটার, ক্ল্যাম্পিং সিলিন্ডার, শিট ফিটিংসহ সার্ভো মোটর, ফর্মিং এবং কাটিং, স্ট্যাকিং এবং ভ্যাকুম ইউনিট তৈরির জন্য ১ কোটি ২৪ লাখ ৫৫ হাজার টাকা ব্যয় হবে।
এই যন্ত্রপাতির মাধ্যমে প্রতি মাসে ২০০ টন পণ্য উৎপাদন করতে পারবে কোম্পানিটি।