হাইকোর্টের নির্দেশনা

ডিএসসিসিতে আপাতত কুকুর অপসারণ নয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের সঙ্গে বিভিন্ন প্রাণী অধিকার সংগঠনের চলমান আলোচনা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কুকুর অপসারণ বন্ধ রাখতে মেয়রের সঙ্গে অ্যাটর্নি জেনারেলকে কথা বলতে বলেছে হাইকোর্ট। এ ছাড়া মামলার শুনানি আগামী এক মাসের জন্য মুলতবি রেখেছে আদালত। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও সাকিব মাহবুব। আর ডিএসসিসির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্টের এই বেঞ্চে এ নিয়ে ডিএসসিসির সঙ্গে আলোচনার বিষয়টি উল্লেখ করে শুনানি মুলতবির আবেদন করা হলে ৬ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়। পরে গত ২৯ সেপ্টেম্বর ডিএসসিসির সঙ্গে আলোচনায় বসেন প্রাণী সুরক্ষা সংগঠনের কর্মীরা।

রিট আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব বলেন, ‘ওই আলোচনায় এ নিয়ে কোনো নির্দেশনা না পেলেও বেশ কিছুদিন কুকুর অপসারণের কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু গত চার দিন ধরে ডিএসসিসিতে কুকুর অপসারণ হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি হাইকোর্টকে অবহিত করার পর অ্যাটর্নি জেনারেল প্রতিশ্রুতি দেন যে আলোচনায় সুরাহা না হওয়া পর্যন্ত কুকুর অপসারণ হবে না। আদালত তাতে সম্মতি দিয়ে শুনানি এক মাসের জন্য মুলতবি করে।’

সম্প্রতি ঢাকা মহানগর থেকে বেওয়ারিশ কুকুর অপসারণের উদ্যোগ নেওয়ার পর এ নিয়ে সমালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ১৭ সেপ্টেম্বর অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার নামে দুটি প্রাণী সুরক্ষা সংগঠন এবং অভিনেত্রী জয়া আহসানের পক্ষে রিট আবেদন করা হয়।