পটুয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় বজ্রপাতে সবুজ হাওলাদার (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় শহিদুল ও আফজাল তালুকদার নামে আরও দুই জেলে আহত হন।

মঙ্গলবার ভোরে ধুলাসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ ধুলাসর ইউনিয়নের নয়াকাটা এলাকার তৈয়ব হাওলাদারের ছেলে। 

ট্রলার মালিক বেল্লাল জানান, গতকাল সন্ধ্যায় সাতজন জেলসহ তার ট্রলারটি বঙ্গোপসাগরের মালইর ট্যাক এলাকায় মাছ শিকারে যায়। ভোরের হঠাৎ বজ্রপাতে জেলে সবুজ নিহত। আহতদের উদ্ধার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।