নারীকে বিবস্ত্র করে নির্যাতন

আসামি সুমন রিমান্ডে, দুই মামলায় দেলোয়ার শ্যেন অ্যারেস্ট

নোয়াখালীর একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতা দেলোয়ার বাহিনী প্রধান দেলোয়ার হোসেনকে নির্যাতিত ওই নারীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

দেলোয়ারকে সকাল সাড়ে ১১টায় জেলার ১নং আদালতে উপস্থাপন করে উল্লেখিত দুই মামলায় শ্যেন অ্যারেস্টের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশিদ পাটোয়ারী।

এ বিষয়ে শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে দেলোয়ারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা অন্য একটি মামলায় দেলোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলার প্রধান আসামি সে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলতাফ হোসেন জানান, নারী ও শিশু নির্যাতন মামলার ৬ নম্বর আসামি শামছুদ্দিন সুমনকে একই আদালতে উপস্থাপন করে তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারী ও শিশু নির্যাতন মামলার অপর আসামি ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ একই আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। দুপুরে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি মামলার ৩ নম্বর আসামি আবুল কালামকে আদালতে তোলা হয়।

বিকেলে বিচারকের কাছে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা রয়েছে।