বিসিবি প্রেসিডেন্টস কাপ

রুবেল-সুমন তোপে ১০৩ রানেই শেষ তামিম একাদশ

বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে মাত্র ১০৩ রানেই গুটিয়ে গেছে তামিম একাদশ।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৭ ওভারে।

কিন্তু টস হেরে ব্যাট করতে নামা তামিম একাদশ ২৩.১ ওভারেই গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে।

বল হাতে আগুন ঝরিয়েছেন মাহমুদউল্লাহ একাদশের রুবেল হোসেন ও সুমন খান। ৩টি করে উইকেট নিয়েছেন দুই পেসার। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব নিয়েছেন ২টি করে উইকেট।

তামিম একাদশের পক্ষে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র চারজন। সর্বোচ্চ ২৭ রান আসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। এনামুল হক বিজয় ২৫ রান করেন। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন (১২) ও মেহেদী হাসান (১৯) ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

তামিম একাদশের এটি প্রথম ম্যাচ, মাহমুদউল্লাহ একাদশের দ্বিতীয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নাজমুল একাদশের বিপক্ষে হেরেছিল মাহমুদউল্লাহ একাদশ।