কোম্পানীগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদে মিছিল

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে ব্যাটারিচালিত অটোরিকশা সমিতির নাম ভাঙিয়ে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চালকরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ভুক্তভোগী অটোরিকশা চালকরা কোম্পানীগঞ্জ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক শ্রমিক সমবায় সমিতি লিমিটেড (প্রস্তাবিত) কর্মকর্তাদের বিরুদ্ধে সমিতির নাম ভাঙিয়ে চাঁদাবাজির প্রতিবাদে এ মিছিল করেন।

মিছিলটি বসুরহাট বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশ করে। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীরের কাছে চাঁদাবাজির অভিযোগ এনে নয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। কোম্পানীগঞ্জ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক জগবন্ধু দুলাল চাঁদাবাজির অভিযোগ নাকচ করে বলেন, আমাদের সমিতি বসুরহাট বাজারে যানজট নিরসনে কাজ করছে। সমিতির সদস্যদের ভর্তি ফি এবং মাসিক সার্ভিস চার্জ দিয়ে সমিতির লাইনম্যান এবং অফিস খরচ চালানো হয়। এছাড়াও আদায় করা অর্থ থেকে ৫০ টাকা সমিতির সদস্যের নামে তাদের সঞ্চয় হিসাবে জমা থাকে।