নরসিংদীর রায়পুরায় বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে বালু তোলার ড্রেজারের জমানো পানিতে পুবে সামির আহমেদ অপু (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। অপু মাহমুদাবাদ মধ্যপাড়ার লাল মিয়ার ছেলে।
অপুর সঙ্গে খেলতে যাওয়া বন্ধু ইউসুফ বলে ‘আমি, অপু, বাদশা, শুভ ও জুবাঈদ মিলে পানিতে খেলতে যাই। পাশে জমির পাড় থেকে নিচ পর্যন্ত আমরা পিছলে নিচে নামার খেলা খেলছিলাম। একপর্যায়ে অপু পিছলে দূরে জমা পানিতে পড়ে ডুবে যায়।’
অপুর বড় ভাই দিপু বলেন, সকালের খাবার খেয়ে অপু বন্ধুদের নিয়ে বাড়ির সামনের জমিতে খেলতে যায়। সেখানে পাড় তৈরি করে ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের কাজ করাচ্ছিলেন এক ব্যক্তি। ড্রেজারে আসা ও বৃষ্টির পানি সেখানে জমে ছিল। খেলার ছলে অপু পাড় থেকে পিছলে সেখানে ডুবে যায়।