মার্কিন উপ-পররাষ্ট্র মন্ত্রী বিগান ঢাকায় আসছেন আজ

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই. বিগান তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। আজ বুধবার বিকেলে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে একটি বিশেষ ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত সোমবার থেকে তিনি নয়াদিল্লি সফর করছেন।

কভিড-১৯ মোকাবিলা কার্যক্রমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) সম্পর্কিত দুই দেশের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়া মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সফরের লক্ষ্য বলে জানা গেছে। তবে বিগানের সঙ্গে বৈঠকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসন জোরদারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়ে রোহিঙ্গা ইস্যু উত্থাপন করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বিগান। এর আগে তিনি বুধবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে নৈশভোজ ও বৈঠকে যোগ দেবেন।

বিগানের সফরসূচিতে কভিড-১৯ মহামারী মোকাবিলায় বাংলাদেশের কার্যক্রম পর্যবেক্ষণে বৃহস্পতিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে এবং সেখানে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মেডিকেল সরঞ্জাম হস্তান্তর করবেন। এছাড়া বিগান ধানমন্ডি ৩২ নন্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।