নেত্রকোনায় সিএনজির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী চাঁনমিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার বেলা ১২টার দিকে পৌরশহরের রাজুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের মৃত আব্দুস সামাদ খাঁ’র ছেলে।
পুলিশ সূত্রে জানায়, চাঁন মিয়া বাড়ি থেকে নেত্রকোনা শহরে ব্যাটারিচালিত অটোরিকশায় আসার পথে সিএনজিটি পেছনে থেকে ধাক্কা দেয়। এতে অটো রিকশাটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়।
এ সময় আহত যাত্রী চাঁনমিয়াকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনার সত্যতা দেশ রূপান্তরকে নিশ্চিত করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ঘটনার পরপরই সিএনজিসহ চালক পালিয়ে গেছে।
অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।