নিউজিল্যান্ডে গ্যালারিতে বসে খেলা দেখলেন ৩০ হাজার দর্শক

মাঠ ভর্তি দর্শক। সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই নেই। মুখে মাস্কেরও প্রয়োজন নেই। সবচেয়ে বড় কথা করোনা সংক্রমণের কোনো ভয়ই নেই। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও করোনা সংক্রমণ রুখতে গোটা বিশ্ব যখন লড়ছে, তখন ওপরের ছবি নিউজিল্যান্ডের একটি রাগবি ম্যাচের।

সব দেশ যখন ভ্যাকসিনের প্রতীক্ষায়, তখন লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক–স্যানিটাইজারের ব্যবহার, প্রভৃতি করোনা সংক্রান্ত বিধিনিষেধ পালন করেই এই দেশটিকে করোনামুক্ত করে ফেলেছে প্রশাসন। দর্শকভর্তি স্টেডিয়ামের ওই ছবিই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর গত রবিবারই ওয়েলিংটন স্টেডিয়ামে আয়োজন করা হয় রাগবি ম্যাচের। দর্শকদের জন্য ছিল না করোনা সংক্রান্ত কোনো বিধিনিষেধ। প্রায় ৩০ হাজার দর্শক এসেছিলেন ম্যাচ দেখতে। না ছিল কোনো মাস্ক, না ছিল সামাজিক দূরত্ববিধি মেনে চলার কোনো ব্যাপার।

সেই ম্যাচের ছবিই পরবর্তীতে ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ লেখেন, ‘‌এটা নিউজিল্যান্ডের রাগবি ম্যাচের ছবি। এটাই হয় যখন সরকার যোগ্য হয় এবং দেশবাসীর সেই সরকারের উপর ভরসা থাকে।’ অপর একজন লেখেন, ‘‌‌আমরা ঘরে বসে ম্যাচ দেখছি। আর এটা মনে রাখুন, নিউজিল্যান্ডের ছবি।’‌