১০০ টাকা করে দৈনিক বেতন বাড়ল শ্রমিকদের

সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে দৈনিকভিত্তিতে কাজ করা শ্রমিকদের মজুরির হার পুনর্নির্ধারণ করা হয়েছে। এসব শ্রমিকের দৈনিক মজুরি ১০০ টাকা বাড়িয়ে গত সোমবার স্বাক্ষরিত একটি অফিস আদেশ গতকাল বুধবার জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

এর আগে ২০১৬ সালের ২৪ মে সর্বশেষ মজুরি পুনর্নির্ধারণ করেছিল অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগের চেয়ে প্রতিটি ক্ষেত্রে ১০০ টাকা করে মজুরি বাড়ানো হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ধরা হয়েছে ৬০০ টাকা; আগে যা ছিল ৫০০ টাকা। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫৭৫ টাকা; যা আগে ছিল ৪৭৫ টাকা।

এছাড়া বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি করপোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। আগে এটি ছিল ৫০০ টাকা। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি ৪৫০ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা।

জেলা ও উপজেলা এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি আগে ৪৫০ টাকা থাকলেও এখন বাড়িয়ে নির্ধারণ করা হয় ৫৫০ টাকা। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা; আগে ছিল ৪০০ টাকা।

এ ক্ষেত্রে বেশকিছু শর্ত জুড়ে দিয়েছে অর্থ বিভাগ। শর্তগুলো হলো শ্রমিকের সংখ্যা যথাযথ কর্তৃপক্ষ থেকে অনুমোদিত হতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর বা সংস্থার নিজস্ব বাজেট বরাদ্দ থেকে এ ব্যয় নির্বাহ করতে হবে। এ খাতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। উল্লিখিত দৈনিক মজুরির হারে মাসিকভিত্তিক শ্রমিক নিয়োগ করা যাবে না।