প্রতি ভরিতে সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বৃহস্পতিবার থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি ৭৬ হাজার ৩৪১ টাকায় বিক্রি হবে। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন ডলারের নিম্নমুখী ভাব এবং তেলের দরপতন ও নানাবিধ জটিল অর্থনৈতিক সমীকরণের মধ্যেও চলতি বছর চার দফায় সোনার দাম কমানো হলেও বর্তমানে আন্তর্জাতিক ও দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নির্ধারিত সোনার নতুন দর আজ থেকে কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৬ হাজার ৩৪১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭৩ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৪৪৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫৪ হাজার ১২১ টাকায়।
তবে রুপার ভরি আগের নির্ধারিত ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।