করোনাভাইরাসের টিকা সরবরাহ, রোহিঙ্গা সমস্যা সমাধানসহ করোনাপরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের সঙ্গে গতকাল বুধবার রাতে একটি হোটেলে বৈঠক শেষে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বিগান তিন দিনের সফরে গতকালই ঢাকায় এসেছেন। এরপর রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘণ্টার ওই দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকের পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কভিড-১৯ টিকার যে ট্রায়াল যুক্তরাষ্ট্রে হচ্ছে, সেটার বিস্তারিত বিগান জানিয়েছেন। এগুলোতে বাংলাদেশের প্রাইভেট সেক্টর সম্পৃক্ত হতে সার্বিক সহযোগিতা তারা করবেন। এটা আমাদের তারা জানিয়েছেন। বড় পরিসরে টিকা উৎপাদন শুরু হলে বাংলাদেশও যেন পেতে পারে, সে বিষয়ে আশ্বস্ত করেছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ঢাকার অনীহার কথা যুক্তরাষ্ট্রের উপমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। বাংলাদেশে শরণার্থী হিসেবে থাকা ১১ লাখ রোহিঙ্গাকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাতে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে জয়েন্ট রেসপন্স প্রোগ্রাম আয়োজন করেছে।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সেখানে বাংলাদেশকে তারা আমন্ত্রণ করেছেন। আমরা খুব বেশি লংটার্ম পরিকল্পনায় যেতে চাই না। কারণ আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে বা প্রধান লক্ষ্যই হচ্ছে রোহিঙ্গাদের ফেরত পাঠানো।
করোনাভাইরাস মহামারীপরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারের অংশ হিসেবে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া বৈঠকে পোশাক খাত, পাট ও পাটজাত পণ্য, জাহাজ তৈরি, আইসিটি, ফার্মাসিউটিক্যালস, সু অ্যান্ড লেদার এবং আইটিকেন্দ্রিক সেবা খাতে বিনিয়োগ ও অংশীদারিত্বের বিষয়েও আলোচনা হওয়ার কথা জানান শাহরিয়ার আলম।
অর্থনীতিতে সহায়তা জোরদারের পাশাপাশি বাংলাদেশের সমুদ্রসীমায় গ্যাস অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত হওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার। অনশোর ও অফশোরে গ্যাস অনুসন্ধানে যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, সমুদ্রসীমা নিশ্চিত করার পর সেটাকে প্রায় ২০টি ব্লকে বিভক্ত করা হয়েছে। আমরা কিছু কিছু কোম্পানিকে সম্পৃক্ত করেছি ইতোমধ্যে।
সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দেখা করবেন বিগান।
এর আগে আজ সকালে ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি।