ঢাকা ওয়াসায় তাকসিমের পুনর্নিয়োগ নিয়ে রিটের আদেশ রবিবার

ঢাকা ওয়াসার এমডি (ব্যবস্থাপনা পরিচালক) পদে প্রকৌশলী তাকসিম এ খানের পুনর্নিয়োগের বৈধতা প্রশ্নে করা রিট আবেদনের আদেশ জানা যাবে আগামী রবিবার। গতকাল বুধবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রিটের ওপর শুনানি নিয়ে আদেশের জন্য এ দিন ঠিক করে।

আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ ও আবদুল্লাহ আবু সাঈদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের একই পদে পুনর্নিয়োগ পেতে যাওয়ার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে গত ২৪ সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মনজুর মোরসেদের পক্ষে এ রিট আবেদনটি করা হয়। রিটকারীর আইনজীবী তখন জানান, যে প্রক্রিয়ায় তাকসিম এ খান নিয়োগ পেতে যাচ্ছেন তার পুরোটাই বেআইনি। সংবিধানের ২৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী, সরকারি নিয়োগের ক্ষেত্রে সমানাধিকার থাকবে, ওয়াসার সভা ডাকতে পারেন কেবল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। কিন্তু এখানে এর কিছুই মানা হয়নি। এছাড়া ওয়াসার প্রজ্ঞাপন অনুযায়ী, বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিতে হবে এবং এমডি নিয়োগের জন্য একটি যাচাই-বাছাই কমিটি থাকতে হবে। এরপর বোর্ডে থেকে মন্ত্রণালয়ে সুপারিশ যাবে। এর কিছুই এ নিয়োগের ক্ষেত্রে প্রতিপালিত হয়নি।

২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি পদে প্রথম নিয়োগ পান তাকসিম এ খান। এরপর পাঁচ দফায় তার পদে থাকার মেয়াদ বাড়ে। গত ১৭ সেপ্টেম্বর এক নোটিসে ১৯ সেপ্টেম্বর বিশেষ বোর্ড সভার (জুম মিটিং) আয়োজন করে আরও তিন বছরের জন্য তাকসিমকে নিয়োগ দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব ও সুপারিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয়ে প্রস্তাব ও সুপারিশ পাঠানো হয়। হাইকোর্টে রিটের শুনানি হওয়ার আগেই গত ১ অক্টোবর তাকসিমকে আরও তিন বছর এমডি রাখার সিদ্ধান্ত হলে ষষ্ঠবারের মতো এ পদে নিয়োগ পান তিনি।