চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ২ দশমিক ৫ কোটি ডলার বিনিয়োগে একটি অন্তর্বাস তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে দেশি প্রতিষ্ঠান মেসার্স জেড অ্যান্ড জেড লানজারে লিমিটেড। বাংলাদেশি মুদ্রায় এ অঙ্ক ২১২ দশমিক ৫ কোটি ডলার (১ ডলার ৮৫ টাকা হিসাবে)।
প্রতিষ্ঠানটি বার্ষিক ৪ দশমিক ৩ কোটি পিস নারীদের বিভিন্ন অন্তর্বাস ও স্পোর্টসওয়্যার উৎপাদন করবে। কারখানাটিতে ৪ হাজার ৭৩৬ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি ইপিজেডে একই মালিকানাধীন কোম্পানির ষষ্ঠ শিল্পপ্রতিষ্ঠান।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স জেড অ্যান্ড জেড লানজারের মধ্যে গতকাল বৃহস্পতিবার বেপজা কমপ্লেক্সে এ সংক্রান্ত চুক্তি হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খান এবং জেড অ্যান্ড জেড লানজারের ব্যবস্থাপনা পরিচালক শরিফ জহির চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান এস এম সালাহউদ্দিন ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। বেপজা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব নবীরুল ইসলাম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন।