গুগল ম্যাপে জনাকীর্ণ জায়গা শনাক্তের ফিচার

নভেল করোনাভাইরাস থেকে সাধারণ মানুষকে আরেকটু বেশি সুরক্ষিত রাখতে ম্যাপে নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে গুগল।

এই ফিচারের মাধ্যমে দোকান, শপিংমলের মতো প্রয়োজনীয় গন্তব্যে রওনা হওয়ার আগেই জানা যাবে সেখানে কত মানুষ আছেন।

যেভাবে কাজ করবে ফিচারটি: এই ফাংশন এখনো ম্যাপে যোগ হয়নি। আপডেট আসলে গন্তব্যস্থল সার্চ করলেই নানা ধরনের নোটিফিকেশন পাবেন।

আপনি যখন কোনো দোকানে যেতে চাইবেন, তার আগে সেখানকার অবস্থা জানতে ওই স্থান সার্চ করতে হবে। এরপর ‘বিজিনেস’ ফিচার শো করবে ম্যাপে। এ জন্য নির্দিষ্ট করে জনাকীর্ণ স্থান সার্চের মাধ্যমে বের করার প্রয়োজন নেই।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে নোটিফিকেশনগুলো এমন হতে পারে, ‘Not busy,’ ‘Busier than usual,’ অথবা ‘As busy as it gets.’

গুগল জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচার চালু হবে।

লকডাউনের সময় গুগল তাদের ম্যাপে আরও কয়েকটি নতুন ফিচার যোগ করেছে। আশপাশের হোটেল ও রেস্টুরেন্টের সার্চ পদ্ধতি এখন বেশ সহজ হয়েছে।

এখন ম্যাপ ওপেন করলেই টেকআউট, ডেলিভারি, গ্যাস ও গ্রোসারিজ অপশনসহ অতিরিক্ত ক্যাটাগরি থেকে ২৫টি সেবার তথ্য পাওয়া যাচ্ছে।

অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ব্যবহারকারীরা এই ফিচারের মাধ্যমে জেনে নিতে পারবেন তার বাসা থেকে কত দূরে কোন হোটেল, সেটি এখন খোলা কি না, কী কী মেন্যু আছে। ফিচারটি প্রথমে আমেরিকার ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়। এরপর ধীরে ধীরে অন্য দেশেও আসে। বাংলাদেশেও আছে।

গুগল ম্যাপে আগে থেকে রেস্টুরেন্ট খোঁজার অপশন থাকলেও শর্টকাট ফিচার ছিল না। এখন টাইপ না করেই অপশন পাওয়া যাচ্ছে।