সোনাগাজীতে মানববন্ধন

মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রতিবাদ

ফেনীর সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগের প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে পৌরসভার জিরো পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। ১৪ অক্টোবর উপজেলা যুবলীগের যুগ্মœ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ভূঞা আরিফ বাদী হয়ে দুদকে মেয়রের বিরুদ্ধে অভিযোগ করেন।

মুক্তিযোদ্ধার সন্তান ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খোকনের সমর্থকরা অংশ নেন। সভায় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আফসার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফারুক হোসেন, চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব রবিন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন রিপন। তাদের দাবি, আসন্ন পৌর নির্বাচন সামনে রেখে একটি দুষ্টচক্র মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা মিথ্যা অভিযোগে তাকে হয়রানির চেষ্টা করছে।