ইন্টারনেট-ডিশ সংযোগ ধর্মঘটের সিদ্ধান্ত স্থগিত

সারা দেশে আজ রবিবার থেকে প্রতিদিন তিন ঘণ্টা ইন্টারনেট ও কেবল টিভি (ডিশ) সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও কেবল অপারেটর অব বাংলাদেশ (কোয়াব)। গতকাল শনিবার ভার্চুয়ালি ডাকা জরুরি সংবাদ সম্মেলনে সরকারের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর এ সিদ্ধান্ত জানান সংগঠন দুটির নেতারা।

সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘করোনাকালে আইএসপিগুলো নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট সেবা দিয়েছে। কোয়াব ঘরে ঘরে ডিশ সংযোগ পৌঁছে দিয়েছে। ফলে এদের বিরুদ্ধে বিরূপ আচরণ নয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমি এটুকু সবাইকে আশ্বস্ত করতে পারিÑ যৌক্তিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আর কোনো কেবল কাটা হবে না।’

দুই সংগঠনের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ধরে নিন প্রাথমিকভাবে আপনাদের বিজয় অর্জিত হয়েছে। বিষয়টিতে সরকারের সবাই সচেতন। এই বিষয়টি আগামীকাল (আজ) প্রধানমন্ত্রীকে সরাসরি জানানো হবে।’ মোস্তাফা জব্বার সংগঠন দুটির নেতাদের কাছে ধর্মঘট কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আরও কয়েকটা দিন আমাদের সময় দেন, যাতে আমরা এই সমস্যাটার অত্যন্ত সম্মানজনক সমাধান করতে পারি।’

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের সঙ্গেও কথা বলব। আমি আইএসপিএবি ও কোয়াবের নেতাদের কাছে অনুরোধ করছি, আপনারা কঠোর অবস্থান থেকে সরে আসুন। আপনারা আমাদের সাতটা দিন সময় দিন। এরই মধ্যে আমরা সবাই মিলে একটা যৌক্তিক সমাধানে পৌঁছাতে পারব।’

সংবাদ সম্মেলনে আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘আমরা জানতে পেরেছি, আগামীকাল রবিবার (১৮ অক্টোবর) বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিদ্ধান্ত আসতে যে কয়দিন সময় লাগবে, সে পর্যন্ত আমাদের (আইএসপিএবি ও কোয়াব) ধর্মঘট স্থগিত থাকবে। আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। আশা করি, তিনি পুরো পরিস্থিতি জেনে আমাদের সুন্দর একটা সমাধান দেবেন।’ তিনি আরও বলেন, ‘আগামীকাল (আজ) আমরা মেয়র মহোদয়ের সঙ্গে মিটিংয়ে বসব। আশা করি, সেখান থেকে আমরা একটি ভালো সিদ্ধান্তে উপনীত হতে পারব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন, আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সহ-সভাপতি জুনায়েদ আহমেদ, কোয়াব সভাপতি এসএম আনোয়ার পারভেজসহ দুই সংগঠনের সদস্য ও নেতারা।