টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন

চট্টগ্রামের স্থানীয় বাজার ও অলিগলির দোকানগুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। তাই ৩০ টাকা কেজিতে পেঁয়াজ কেনার জন্য এখন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকের পেছনে লম্বা লাইন পড়ছে স্বল্প আয়ের লোকজনের।

টিসিবি সূত্র জানায়, চট্টগ্রাম নগরীতে এখন প্রতিদিন ডিলারের মাধ্যমে আট ট্রাকে খোলা বাজারে পেঁয়াজসহ নির্ধারিত কিছু ভোগ্যপণ্য বিক্রি হচ্ছে। সেখানে প্রতি কেজি পেঁয়াজ ক্রেতাদের দেওয়া হচ্ছে খুচরা বাজারের তুলনায় তিন ভাগের এক ভাগ দামে।

নগরীর জামালখানে ডা. খাস্তগীর উচ্চ বিদ্যালয়ের কাছে প্রতিদিন সকাল ১০টা থেকে একটি ট্রাক থাকছে টিসিবির পণ্য নিয়ে। পেঁয়াজ ছাড়াও বিক্রি হচ্ছে চিনি, ডাল ও সয়াবিন তেল। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দেখা যায়, কম মূল্যে পণ্য কেনার জন্য লম্বা লাইন পড়েছে সেখানে। তবে প্রত্যেকের মূল চাহিদা পেঁয়াজের প্রতি। টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমদ জানান, প্রতিটি ট্রাকে দিনে ৩০০ কেজি পেঁয়াজ বরাদ্দ দেওয়া হচ্ছে। চাহিদা বেশি থাকার কারণে একজনকে এক কেজি পেঁয়াজ ৩০ টাকা দামে দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহের দিকে ট্রাকের সংখ্যা বাড়ানো হবে।