৬ দিন আগে নিখোঁজ

শ্বশুরবাড়ির উঠান খুঁড়ে মিলল গৃহবধূর লাশ

কক্সবাজারের মহেশখালীতে শ্বশুরবাড়ির উঠানের মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে ৬ দিন আগে নিখোঁজ এক গৃহবধূর লাশ। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রাম থেকে আফরোজা নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, আফরোজাকে হত্যার পর তার স্বামী বদরখালী কলেজের খ-কালীন প্রভাষক রাকিব হাসান বাপ্পি পালিয়ে গেছেন। 

মহেশখালী থানা পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আফরোজা মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূঁইছড়া গ্রামের মো. ইসহাকের মেয়ে। এক বছর আগে নলবিলা গ্রামের হাসান বশিরের ছেলে বাপ্পির সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল। কলহের জেরে  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাও হয়। এর পর থেকে আফরোজা তার বাবার বাড়িতেই ছিলেন। কয়েকদিন আগে মামলায় আপসের মাধ্যমে বাপ্পি আফরোজাকে তার বাড়িতে নিয়ে আসেন। এরই মধ্যে গত ১২ অক্টোবর আফরোজার বাবার বাড়িতে খবর পাঠানো হয় তিনি নিখোঁজ হয়েছেন। আফরোজার বাবা ইসহাক ওই দিনই ঘটনাটি থানায় জানালে পুলিশ তার খোঁজ শুরু করে। 

পুলিশ জানায়, কয়েক দিন খোঁজার পরেও কোনো হদিস না মেলায় এবং ঘটনার পর থেকে রাকিব হাসান বাপ্পি পলাতক থাকায় পুলিশের সন্দেহ হয়। পুলিশ ছায়া তদন্তে নামে। পুলিশ বাপ্পির প্রথম পক্ষের স্ত্রীর শিশুকন্যার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল থেকেই বাপ্পিদের বাড়িতে তল্লাশি শুরু করে। রাত ১১টার দিকে বাড়ির উঠানের এক কোনায় মাটি খুঁড়ে আফরোজার লাশ উদ্ধার করা হয়।

মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আফরোজার স্বামী ও শ্বশুরবাড়ির সবাই পালিয়ে গেছেন। মহেশখালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।