ইসির মামলায় আগাম জামিন আবেদন নিক্সন চৌধুরীর

নির্বাচন কমিশনের (ইসি) মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন। গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা আবেদনটি জমা দেন।

পরে নিক্সন চৌধুরীর আইনজীবী এম মঞ্জুর আলম সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হবে। নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক।’

গত ১৫ অক্টোবর দায়িত্বরত সরকারি কর্মকর্তাকে হুমকি, গালিগালাজ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলা করেন জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।

গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের ডিসিকে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ওঠে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে। একই দিন চরভদ্রাসনের ইউএনওকে ফোন করে তিনি ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) গালিগালাজ করেন। এ দুই ঘটনার অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সংবাদ সম্মেলন ডেকে নিজেকে নির্দোষ দাবি করে নিক্সন চৌধুরী বলেন, হুমকি দেওয়ার যে অডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে, তা ‘সুপার এডিটেড’। এরপর ফরিদপুর জেলা আওয়ামী লীগ এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তার বিচারের দাবি জানায়।

এদিকে এমপি নিক্সন চৌধুরীর পক্ষে-বিপক্ষে সমাবেশ ডাকায় সদরপুরের পর ভাঙ্গা উপজেলায় গতকাল ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান জানান, উপজেলা হাসপাতাল মোড়ে এমপি নিক্সন চৌধুরীর পক্ষে-বিপক্ষে দুটি গ্রুপ কর্মসূচি দেওয়ায় পরিস্থিতি অবনতির আশঙ্কায় রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা দেওয়া হয়।