নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার হোতা দেলোয়ার হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার জেলার ৩ নম্বর আমলি আদালত ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনে দায়ের করা তিন মামলায় এই রিমান্ড মঞ্জুর করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনে দায়ের করা তিন মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মাসফিকুল হকের আদালত ধর্ষণ মামলায় ৫ দিন এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে ১ দিন করে মোট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।
বেগমগঞ্জ মডেল থানায় নির্যাতনের শিকার ওই নারীর দায়ের করা ধর্ষণ মামলায় দোলোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এর পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক মামলা ছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনে আরও দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ৪ অক্টোবর একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ওই ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা হলে গত ৫ অক্টোবর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করে র্যাব। পরদিন দেলোয়ারের মাছের ঘের থেকে হাতবোমা উদ্ধার করে র্যাব। এরপর তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় র্যাব অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে।