কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার দিবাগত রাত ১২টায় গৌরীপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক লতিফ প্রধানের ভাতিজা মমিনুল হক।
তিনি জানান, সোমবার দুপুর ২টায় গৌরীপুর হাইস্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৬ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ প্রধানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূইয়া এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমীন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম সরকার।