আটঘরিয়ার মাজপাড়া ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর মিয়াকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে লিখিত তথ্য থেকে জানা যায়, করোনা সংকট চলাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম এবং তালিকার ত্রুটি শনাক্তকারী প্রধান শিক্ষককে মারধর অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার আইন-২০০৯ এর ৩৪ (৪) ধারা অনুযায়ী তাকে মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যা আদেশ জারির সময় থেকেই কার্যকর হবে।

আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়াকে সাময়িক বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন।