বাঁকখালী নদীতে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের বাঁকখালী নদীতে শখের বশে মাছ শিকারে গিয়ে নিখোঁজ মো. ইউনুস (৩৫) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। 

সোমবার বিকেল ৩ টার দিকে এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিসের দল বাকখালী নদীর মোহনা থেকে ইউনুসের মরদেহ উদ্ধার করে । উদ্ধারকারী টিম লিডার ও কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেন। 

এ ঘটনায় মো. বেলাল নামে আরও এক যুবক নিখোঁজ রয়েছে। তারা দুজনেই কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানিয়েছেন, গত রবিবার রাত ১২টার দিকে কক্সবাজারের ৬নং ‘বিআইডব্লিউটিএ’ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে তিনজন এক সঙ্গে মাছ শিকারে যায়। এ সময় তাদের নৌকাটি ডুবে গেলে ২ জন স্রোতের টানে তলিয়ে যায়। এ সময় আবদুর শুক্কুর (৩২) নামের তাদের এক সহযোগী সাঁতার কেটে রাতেই ফিরে আসে।

স্থানীয় মাঝি-মাল্লারা বলেন, এরা পেশাদার মাছ শিকারি নয়। শখের বশে নদীতে মাছ ধরতে এসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস কক্সবাজার এর উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, খবর  পেয়ে সোমবার ভোর থেকেই কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি টিম স্থানীয়দের সহায়তায় বাঁকখালী নদীতে  উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় বিকেল ৩টার দিকে বাকখালী নদীর মোহনা থেকে ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জানান উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। এখনো বেলালের সন্ধান মেলেনি।